ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রদ্ধা জানাতে গিয়ে বরিশালে বিএনপির দুপক্ষের হাতাহাতি

author
বরিশাল অফিস

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৪৩
ad003
শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বরিশালে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহিদ স্মৃতি নামফলক কম্পাউন্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেস্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার মহানগর বিএনপির ব্যানারে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা স্থান ত্যাগ করছিলেন। 

একই সময়ে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন একই ব্যানারে তার অনুসারীদের নিয়ে শ্রদ্ধা জানাতে আসলে দুইপক্ষের মধ্যে বাগবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন।

অভিযোগ রয়েছে, এ সময় নাসরিনের ওপর বিএনপির অপর পক্ষের কয়েকজন নেতাকর্মী চড়াও হয়ে তাকে হেনস্তা করা হয় এবং সাথে আনা ব্যানার ছিঁড়ে ফেলা হয়। শ্রদ্ধা নিবেদনের জন্য আনা ফুলের তোড়াও ভেঙে ফেলা হয়েছে। পরে ভাঙা ফুলের তোড়া দিয়েই শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বেদিতে শ্রদ্ধা জানানো হয়। আফরোজা খানম নাসরিনের অভিযোগ, একই সময় শ্রদ্ধা জানাতে যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের নেতাকর্মীরা তার ওপর হামলা করে তাকে লাঞ্ছিত করা হয় এবং ফুলের তোড়া ভেঙে ফেলা হয়। এ ঘটনার তিনি আইনী পদক্ষেপ না নিয়ে সাংগঠনিক প্রক্রিয়ায় যাওয়ার কথা বলেছেন। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের শের-ই-বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার শিরিন বলেন, কর্মীদের মধ্যে তুচ্ছ একটি বিষয় নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যা অনাকাঙ্খিত। পরে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT