ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহতের সংখ্যা বেড়ে ৭

author
সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬ সকাল ৯:২৯
ad003
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে  নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। এছাড়াও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এর আগে প্রথমে চারজন এবং পরে আরও তিনজনের মৃত্যুর কথা জানানো হয়। 

আজ শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। আহতদের বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রথমে গ্যাস বিস্ফোরণের ধারণা করলেও পরবর্তীতে লিকেজের বিষয়টি প্রাথমিক তদন্ত করে বের করা হয়। 

জানা গেছে, শুক্রবার ইয়ার্ড বন্ধ থাকার কথা থাকলেও সকাল ১০টার দিকে স্ক্র্যাপ এলএনজি জাহাজে একটি ট্যাংক লিকেজ হয়। খবর পেয়ে স্থানীয় ও বহিরাগত কিছু লোক তা দেখতে সেখানে আসেন। এ সময় জমে থাকা গ্যাসে কয়েকজনের মৃত্যু ও কয়েকজন আহত হন।

নিহত ৭ শ্রমিকের মধ্যে চারজনের নাম ও পরিচয় জানা গেছে। তারা হলেন—সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তারা সবাই ভাটিয়ারী এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা আনিসুল ইসলাম বলেন, হঠাৎ কারখানার ভেতর থেকে মানুষের চিৎকার শুরু হয়। তারা কারখানা এলাকায় গেলে দেখতে পান, অসুস্থ কয়েকজনকে গাড়িতে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে একে একে কয়েকজনের মরদেহ বের করা হয়।

পরবর্তীতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ইয়ার্ডে ভাঙচুর করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, ফেরদৌস শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে  অনেকে হতাহত হয়েছেন। এখন পর্যন্ত ঘটনাস্থল ও হাসপাতালে সাতজনের মৃত্যু হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত  মৃত্যুর সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT