যাযাদি ডেস্ক
বেন ডাকেটকে আউট করার পর অতিরিক্ত উদযাপন করায় সিরাজকে জরিমানা করেছে আইসিসি।
লর্ডসের ঐতিহাসিক মঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট চলাকালীন এক মুহূর্তের আবেগে খেসারত দিতে হলো ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজকে। ম্যাচ চলাকালীন বেন ডাকেটকে আউট করার পর অতিরিক্ত উদযাপন করায় সিরাজকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
চতুর্থ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে সিরাজ ডাকেটকে ফিরিয়ে দেন। এরপর স্টাম্পের কাছাকাছি দাঁড়িয়ে উচ্চস্বরে উদযাপন করেন।
যা আম্পায়ারদের মতে ‘অতিমাত্রায় আগ্রাসী ও উস্কানিমূলক’ ছিল। এ ঘটনায় সিরাজকে আইসিসি'র আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়।
আইসিসির বিবৃতিতে জানানো হয়েছে, সিরাজ নিজের অপরাধ স্বীকার করেছেন এবং শাস্তিও মেনে নিয়েছেন। তাই কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তার নামের পাশে।
গত ২৪ মাসে এটি সিরাজের দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো আচরণবিধি ভেঙেছিলেন তিনি। নিয়ম অনুযায়ী, পরবর্তী ২৪ মাসে আরো দুইটি ডিমেরিট পয়েন্ট পেলে সিরাজকে এক টেস্ট বা দুইটি সাদা বলের ম্যাচে নিষিদ্ধ করা হতে পারে।