ঢাকা | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ইং | ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ব্যাংক ও বেঙ্গল ফাউন্ডেশনের চার দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘প্রাণে আনো গান’

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:০২
ad003
বেঙ্গল ফাউন্ডেশন আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বর ২০২৫ ‘প্রাণে আনো গান’ শীর্ষক চার দিনব্যাপী এক বহুমাত্রিক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে। ঢাকা ব্যাংক পিএলসি’র সহযোগিতায় আয়োজিত এই উৎসবে বাংলাদেশের বিজয়ের মাস উদযাপন উপলক্ষে সংগীত,  আবৃত্তি, চিত্রকলা, কারুশিল্প ও শিশু-কিশোরদের সৃজনশীল কর্মকাণ্ডকে একত্রিত করে বাংলাদেশের সংস্কৃতিচর্চা ও সৃজনশীল সাধনাকে আরো গতিময় ও বহুমাত্রিক করার প্রয়াস নেওয়া হয়েছে।

প্রতিদিন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিট থেকে বেঙ্গল শিল্পালয়ের লেভেল ৪ - এ পরিবেশিত হবে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, লোকগান, জীবনমুখী গান, বাংলা ঠুমরি এবং কবিতা পাঠ। দেশের প্রথিতযশা ও সমকালীন শিল্পীরা এই চার দিনে মঞ্চে পরিবেশন করবেন সংগীত ও সাহিত্যনির্ভর নানা পরিবেশনা। প্রথম দিন, বুধবার ২৪ ডিসেম্বর, ‘দেশের গান ও দেশের কবিতা’ শীর্ষক পরিবেশনায় অংশ নেবেন মোস্তাফিজুর রহমান তূর্য, মানসী সাধু ও মাইনুর রহমান খান; কবিতা আবৃত্তি করবেন মহিউদ্দিন শামীম। একই দিনে পরিবেশিত হবে নজরুলের ভক্তিগীতি — বিটু কুমার শীলের কণ্ঠে এবং লোকগান পরিবেশন করবেন কিরণ চন্দ্র রায়।

দ্বিতীয় দিন, বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর, শ্রোতারা উপভোগ করবেন বাংলা ঠুমরি — সুপ্রিয়া দাসের পরিবেশনায়; কবি জসীম উদ্দীনের ‘নক্সীকাঁথার মাঠ’ থেকে পাঠ করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পরিবেশিত হবে বাংলাদেশের ছায়াছবির গান — চম্পা বণিকের কণ্ঠে এবং লোকগান পরিবেশন করবেন লাবিক কামাল গৌরব।

তৃতীয় দিন, শুক্রবার ২৬ ডিসেম্বর, তিন কবির গান পরিবেশন করবেন আজিজুর রহমান তুহিন; নজরুলের আধুনিক গান পরিবেশন করবেন সুস্মিতা দেবনাথ শুচি। এদিন পাঠ করবেন রায়হানুল আমিন কল্লোল এবং রবীন্দ্রনাথের গান পরিবেশন করবেন অদিতি মহসিন।

চতুর্থ ও শেষ দিন, শনিবার ২৭ ডিসেম্বর, রবীন্দ্রনাথের ভাঙা গান পরিবেশন করবেন মহুয়া মঞ্জরী সুনন্দা; জীবনমুখী গান গাইবেন ফারজানা ওয়াহিদ সায়ান এবং লোকগানে উৎসবের সমাপনী পরিবেশনা উপস্থাপন করবেন টুনটুন বাউল। 

উৎসবের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে নির্বাচিত গ্রামীণ হস্তশিল্প ও কারুপণ্যের মেলা - ‘কারুকথা’, যা ২৩ থেকে ২৭ ডিসেম্বর প্রতিদিন দুপুর ১২টা থেকে বেঙ্গল শিল্পালয়ের নিচতলায় সুবীর চৌধুরী চত্বরে অনুষ্ঠিত হবে।এছাড়াও ‘অন্যস্বর’ শীর্ষক একটি দলীয় শিল্পকর্ম প্রদর্শনীতে নারীর জীবনোপলব্ধি, ইতিহাস ও চর্চার গতিপথ অন্বেষণে ৩৫ জন নারী শিল্পীর নির্বাচিত শিল্পকর্ম প্রদর্শিত হবে। প্রদর্শনীর শিল্পকর্মগুলো বেঙ্গল ফাউন্ডেশন ও আবুল খায়েরের সংগ্রহ থেকে আহরিত। প্রদর্শনীটি ২৪ ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা (রোববার ব্যতীত) বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনশালায় অনুষ্ঠিত হবে। শিশু-কিশোরদের জন্য বিশেষ আয়োজন ‘আকাশ-কুসুম’ কারু কর্মশালা অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর শনিবার সকাল ১১টায়, বেঙ্গল শিল্পালয়ের লেভেল ৪-এ।

‘প্রাণে আনো গান’ আয়োজনের মাধ্যমে ঢাকা ব্যাংক ও বেঙ্গল ফাউন্ডেশন শিল্প, সংস্কৃতি ও সমাজের পারস্পরিক সম্পর্ককে নতুনভাবে অন্বেষণ ও উদযাপনের এক উন্মুক্ত পরিসর তৈরি করতে চায়। আমাদের এই উদ্যোগে বরাবরের মতো এবারো আপনারা সঙ্গে থাকবেন — এই আশা করছি। 

স্থান : বেঙ্গল শিল্পালয়, বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমন্ডি, ঢাকা

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT