ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে রাতের আধারে সীমানা প্রাচীর ভেঙ্গে জমি দখলের চেষ্টা বরিশাল অফিস

author
বরিশাল অফিস

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৪৮
ad003
বরিশালের গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর এলাকায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাতের আধারে হামলা চালিয়ে বিএনপি নেতা মোস্তফা হাওলাদার ও তার বাড়ির লোকজনকে জিম্মি করে জমি দখলের উদ্দেশ্যে সীমানা প্রাচীর গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এ সময় বাঁধা দিলে হামলাকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে এবং বাড়ির মালিকদের প্রাণ নাশের হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। হুমকির মুখে বাড়ির মালিক ও তার পরিবার ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা সটকে পরে। স্থানীয় শাহআলম ও নুরে আলমের নেতৃত্বে ২০/২৫ জন এ ঘটনা ঘটানো হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভুগিরা।  

জমির মালিক আঃ মজিদ হাওলাদারের পুত্র বিএনপি নেতা মো. মোস্তফা হাওলাদারের দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, গৌরনদী পৌরসভার ৬ নং ওয়ার্ডের উত্তর বিজয়পুর এলাকায় মোস্তফা হাওলাদার , তার বোন ও ভগ্নিপতি ২০০১ সালে ৫২ শতাংশ জমি ক্রয় করেন। যার জে.এল নং-৫০, খতিয়ান নং-৩৪০, ৩৫৬, দাগ নং-৩৪৬, ৩৪৭, ৩৪৮। ২০০৪ সালে এলাকার জনগণের চলাচলের স্বার্থে তিন শতাংশ জমি ক্রয় করে মাটি ভরাটের মাধ্যমে রাস্তা নির্মানে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ও করেন তারা। যার বি. এস খতিয়ান নং-৫১০, দাগ নং-৩৫০। পাশাপাশি বাড়ির পশ্চিমপাশে যাতায়াতের রাস্তার জায়গা রেখে পৌরসভার নিয়ম মেনে বাউন্ডারী দেয়াল নির্মান করেন। অন্যদিকে বাড়ির দক্ষিণ পাশে রাস্তার জন্য প্রায় এক শতাংশ জমি ছেড়ে দেন তারা। পরবর্তীতে অ ২০১২ সালে পৌরসভার অনুমতিক্রমে বাড়ির চারপাশে আরসিসি পিলার করে সীমানা প্রাচীর ও  পাকা ঘর নির্মাণ করেন। কিন্তু স্থানীয় শাহ আলম ও নুরে আলমের নেতৃত্বে ২০/ ২৫ জনার একটি বাহিনী সোমবার রাতে ওই সম্পত্তি দখলের উদ্দেশ্যে হামাড়, হাতুড়ি, ড্রিল মেশিন, শাবলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোস্তফা ও তার বাড়ির লোকদের  জিম্মি করে জোরপূর্বক সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে। প্রথমে নিজেরা বাঁধা দিলে তাদের উপর হামলার চেষ্টা করে শাহআলম বাহিনী। তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায় বাড়ির লোকজন ৯৯৯ নম্বরে কল করে সহায়তা চাইলে পুলিশ ঘটনা স্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।  

এ ঘটনায় মো. মোস্তফা হাওলাদার বাদি হয়ে মঙ্গলবার রাতে ১১ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ১২ জনকে বিবাদী করে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে বর্তমানে মোস্তফা হাওলাদার ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT