ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় গলফ শেখা :বাংলাদেশ গলফ একাডেমি

author
Editor

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ ভোর ১:১০
ad003
নজরুল হোসেন অয়ন 

গলফ এক সময় শুধু অভিজাতদের খেলা হিসেবে পরিচিত থাকলেও, সময়ের সঙ্গে সঙ্গে এই ধারণা বদলেছে। আজকের দিনে গলফ শুধু একটি খেলা নয়। এটি একটি জীবন ধারা, নেতৃত্ব গঠনের মাধ্যম এবং মানসিক প্রশান্তির উৎস। তাই অনেকে এখন আগ্রহী হচ্ছেন গলফ শেখার প্রতি। 

কিন্তু প্রশ্ন হলো? ঢাকায় কোথায় শিখবেন গলফ?
বাংলাদেশ গলফ একাডেমি : গলফ শেখার একমাত্র স্বীকৃত প্রতিষ্ঠান
বাংলাদেশ গলফ একাডেমি হলো? দেশের একমাত্র প্রাতিষ্ঠানিক গলফ প্রশিক্ষণ কেন্দ্র, যেটা ঢাকার আর্মি গলফ ক্লাব প্রাঙ্গণে অবস্থিত। এটি বাংলাদেশ গলফ ফেডারেশনের তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং ‘আর এন্ড এ’ (জ ্ অ) অনুমোদিত প্রশিক্ষণ কাঠামো অনুসরণ করে। 
এখানে রয়েছে-
পেশাদার প্রশিক্ষক 
প্রাথমিক থেকে এডভান্সড লেভেলের প্রশিক্ষণ
ছোটদের জন্য জুনিয়র গলফ প্রোগ্রাম
ভিডিও এনালাইসিস এবং সুদক্ষ টেকনিকাল সাপোর্ট
নিয়মিত প্র্যাকটিস রেঞ্জ ও গৃন সেশন
 যাদের জন্য উপযোগী
যারা একেবারে নতুন এবং গলফ শেখা শুরু করতে চান
তরুণ শিক্ষার্থীরা যারা গলফে ভবিষ্যৎ ক্যারিয়ার গড়তে চান
কর্পরেট এক্সিকিউটিভরা যারা গলফকে নেটওয়ার্কিং টুল হিসেবে ব্যবহার করতে চান
 অবসরপ্রাপ্ত ব্যক্তিরা যারা একটি স্বাস্থ্যকর ও শান্তিপূর্ণ অবসর খোজেন
 প্রশিক্ষণ প্যাকেজ ও সুযোগ-সুবিধা
বাংলাদেশ গলফ একাডেমিতে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন মেয়াদ ও স্তরের প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়। এক সপ্তাহের বেসিক কোর্স থেকে শুরু করে তিন মাসের এডভান্সড কোর্স পর্যন্ত অপশন রয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয় এবং আগ্রহীদের গলফ ফেডারেশনের গলফার হিসেবে রেজিস্ট্রেশন করাও সম্ভব।
 গলফ শিখে যে লাভ
নেতৃত্ব ও ধৈর্য : গলফ শেখায় মনোসংযোগ, পরিকল্পনা ও শৃঙ্খলা
ব্যক্তিগত স্বাস্থ্য : নিয়মিত গলফ খেলা মানে হালকা ব্যায়াম ও মানসিক প্রশান্তি
কর্পরেট কানেকশন : গলফ কোর্সে তৈরি হয় গুরুত্বপূর্ণ যোগাযোগ
পরিবারের সঙ্গে সময় : এটি একটি পারিবারিক খেলাও বটে, যেখানে বাবা-মা ও সন্তান এক সঙ্গে অংশ নিতে পারেন
 আজই শুরু করুন গলফ শেখা 
আর দেরি না করে আপনি যদি গলফ শেখা শুরু করতে চান, তাহলে বাংলাদেশ গলফ একাডেমি হতে পারে আপনার প্রথম গন্তব্য। ঢাকার ভেতরেই অবস্থিত এই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্রটি নিঃসন্দেহে দেশের গলফ শিক্ষায় একটি অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান। গলফের সবুজ ফেয়ারওয়ে আপনাকে আহ্বান জানাচ্ছে, আপনি আসছেন কবে?
উল্লেখ্য, দেশের প্রায় প্রতিটি গলফ কোর্সেই গলফ শেখার সুযোগ রয়েছে। তবে পেশাদার প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানসম্পন্ন কোচিংয়ের দিক থেকে বাংলাদেশ গলফ একাডেমি-ই একমাত্র প্রতিষ্ঠান, যেটা গলফ শেখাকে পরিণত করতে পারে আপনার পরবর্তী অভ্যাসে, ক্যারিয়ারে বা প্যাশনে।
ঢাকায় গলফের নতুন দুই দিগন্ত
আধুনিক ঢাকায় যখন জীবন ধারা ও বিনোদনের ধরন বদলাচ্ছে, তখন জলসিড়ি গলফ ক্লাব ও এয়ারফোর্স গলফ লিংক নিয়ে এসেছে গলফপ্রেমীদের জন্য এক নতুন, সুসংগঠিত অবসর বিনোদনের ঠিকানা।
ঢাকা শহরের গলফপ্রেমীদের জন্য সম্প্রতি উদ্বোধন করা হয়েছে দুটি নতুন গলফ কোর্সÑ জলসিড়ি গলফ ক্লাব ও এয়ারফোর্স গলফ লিংক। একটি শহরের প্রান্তে প্রকৃতির কোলঘেষা বিলাসবহুল আয়োজন, অন্যটি শহরের প্রাণকেন্দ্রে।
 জলসিড়ি গলফ ক্লাব : বিশ্বমানের গলফ অভিজ্ঞতা
ঢাকার পূর্ব প্রান্তে, পূর্বাচল এক্সপ্রেসওয়ের পাশে অবস্থিত জলসিড়ি আবাসনের সেক্টর ১৭-তে গড়ে উঠেছে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ জলসিড়ি গলফ ক্লাব। এটি শুধুই একটি গলফ কোর্স নয়, বরং একটি আন্তর্জাতিক মানের কমিউনিটি স্পোর্টস হাব।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গলফ ডিজাইনার পল জ্যানসেন এবং ফালদো ডিজাইনের যৌথ পরিকল্পনায় গড়ে উঠেছে এই ৯-হোল, পার-৩৬ কোর্সটি, যেখানে প্রাকৃতিক ভূ-প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্থাপত্যের অনন্য মেলবন্ধন ঘটানো হয়েছে।
এখানে রয়েছে :
 প্রশস্ত ড্রাইভিং রেঞ্জ
 প্রশিক্ষণ সুবিধাযুক্ত পরটিং গৃন
 আধুনিক ক্লাব হাউস
 আন্তর্জাতিক মানের প্রো-শপ 
 ডাইনিং লাউঞ্জ ও সোশাল ভেনু
প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত বহু গলফার এই কোর্সে খেলতে আসেন। অনেকেই পরিবারসহ এখানে সময় কাটাতে ভালোবাসেন। যারা জলসিড়ি আবাসনে বসবাস করছেন বা প্লট কিনছেন, তাদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু এই ক্লাব।
সাধারণ নাগরিকরাও এখানে সদস্যপদের জন্য আবেদন করতে পারেন এবং ক্লাব হাউস ঘুরে দেখার সুযোগ পান। নিয়মিত সামাজিক ও কর্পরেট অনুষ্ঠান আয়োজনের জন্য এই ক্লাব এখন অন্যতম চাহিদাসম্পন্ন ভেনু হিসেবে পরিচিত হয়ে উঠছে।
 এয়ারফোর্স গলফ লিংক :শহরের ভেতরেই এক্সিকিউটিভ গলফ  
ঢাকা ক্যান্টনমেন্টে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের একেবারে পাশ ঘেষে দৃষ্টিনন্দনভাবে গড়ে উঠেছে এয়ারফোর্স গলফ লিংক। বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগে নির্মিত এই এক্সিকিউটিভ স্টাইলের কমপ্যাক্ট এই ৯-হোল গলফ কোর্সটি রাজধানীতে এনে দিয়েছে এক আধুনিক, দৃষ্টিনন্দন গলফ অভিজ্ঞতা। যেখানে গলফারদের বলের সুইং আর আকাশ ছোয়া বিমানের উড্ডয়ন সমান্তরালে চলে ও প্রতিটি শটে যেমন রয়েছে কৌশল ও মনোসংযোগ, তেমনি প্রতিটি মুহূর্তে দেখা মেলে ভিন্ন ভিন্ন বিমান উড়ার দৃশ্য। এই অনন্য পরিবেশ গলফারদের খেলার অভিজ্ঞতাকে করে তোলে আরো গভীর, আরো স্মরণীয়। 
সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এই কোর্সটি উদ্বোধন করেন। এটি প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে, যেটা শহরের ব্যস্ত পেশাজীবী গলফারদের জন্য অত্যন্ত উপযোগী।
যদিও আকারে তুলনামূলকভাবে ছোট, প্রতিটি হোলই চমৎকারভাবে পরিকল্পিত, যাতে অভিজ্ঞ এবং নতুন গলফারদের জন্য একটি কৌশল ও মনোসংযোগ খেলার পরিবেশ নিশ্চিত হয়। এখানে সশস্ত্র বাহিনীর সদস্য ছাড়াও সিভিলিয়ান সদস্যপদ পাওয়ার সুযোগ রয়েছে, যেটা এরই মধ্যে কর্পরেট ও সিএ পেশাজীবীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
 দুটি ক্লাব একটি অভিন্ন দর্শন
একদিকে জলসিড়ি গলফ ক্লাব শহরের প্রান্তে প্রকৃতির মধ্যে একটি পূর্ণাঙ্গ ও বিলাসবহুল গলফ অভিজ্ঞতা নিয়ে এসেছে, অন্যদিকে এয়ারফোর্স গলফ লিংক শহরের কেন্দ্রে গলফ খেলার সুযোগ সৃষ্টি করেছে।
এই দুটি নতুন গলফ ক্লাব ঢাকায় গলফপ্রেমীদের জন্য শুধু বিকল্পই নয়, বরং গলফারদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবের ওপর চাপ কমিয়ে গলফের পরিধিকে আরো সম্প্রসারিত করেছে।
আজকের ঢাকা শহরে গলফ আর শুধু অভিজাত শ্রেণির খেলা নয়। এটি ধীরে ধীরে হয়ে উঠছে নাগরিকদের স্বাস্থ্যের চর্চা, মানসিক প্রশান্তি ও সামাজিক সম্প্রীতির অন্যতম মাধ্যম।

নজরুল হোসেন অয়ন : সম্পাদক, দি গলফ হাউস ম্যাগাজিন

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT