ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের পায়ে ফোলা ভাব, হোয়াইট হাউস বলছে রক্তনালির সমস্যা

author
Editor

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ ভোর ১:০৯
ad003
যাযাদি ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পায়ের গোড়ালি কিছুটা ফোলা এবং ডান হাতে চোটের চিহ্ন দেখা গেছে। ছবি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে তার স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠলে হোয়াইট হাউস জানায়, এসব কোনো গুরুতর সমস্যা নয়। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি স্পষ্ট করেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। তিনি প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক ক্যাপ্টেন শন বার্বাবেলার সই করা একটি চিঠি পড়ে শোনান।

চিঠিতে বলা হয়, ট্রাম্পের পায়ের ফোলাটা বয়সজনিত একটি সাধারণ সমস্যার কারণে হয়েছে, যাকে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় ‘ক্রনিক ভেনাস ইনসাফিশিয়েন্সি’। মূলত রক্তনালির স্বাভাবিক কার্যকারিতায় ঘাটতি থাকলেই এমনটি হয়ে থাকে।

হাতের দাগ প্রসঙ্গে বার্বাবেলা বলেন, অতিরিক্ত হ্যান্ডশেক এবং নিয়মিত অ্যাসপিরিন গ্রহণের কারণেই প্রেসিডেন্টের হাতে অল্প কিছু চিহ্ন দেখা যাচ্ছে। হৃদরোগ প্রতিরোধে প্রেসিডেন্ট নিয়মিত অ্যাসপিরিন সেবন করেন বলেও জানান তিনি।

এসব লক্ষণ দেখা যাওয়ার পর ট্রাম্পের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আল্ট্রাসাউন্ডসহ অন্য পরীক্ষাগুলোতে শরীরে কোনো রকম রক্ত জমাট বা গুরুতর অসুস্থতার প্রমাণ পাওয়া যায়নি।

৭৯ বছর বয়সী ট্রাম্পের সাম্প্রতিক ছবি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা গুঞ্জন। কেউ কেউ তার শারীরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন।

তবে হোয়াইট হাউসের ব্যাখ্যা ও প্রেসিডেন্টের চিকিৎসকের বক্তব্যে সেসব গুঞ্জনে আপাতত ইতি পড়েছে।

চিকিৎসক বার্বাবেলা তার চিঠির শেষাংশে বলেন, ‘প্রেসিডেন্টের স্বাস্থ্য এখনো চমৎকার অবস্থায় আছে।’
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT