ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে উদ্বেগ বিএনপির

author
Editor

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ দুপুর ২:০৬
ad003
যাযাদি ডেস্ক


চট্টগ্রাম নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। একই সঙ্গে নিরপরাধ ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও চাঁদাবাজির কবল থেকে রক্ষার আহ্বান জানিয়েছে দলটি। 

শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ঢাকার পর চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম শহর। বন্দর নগরী হিসেবে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম।

সারা দেশের ব্যবসা-বাণিজ্য পরিচালিত হয় চট্টগ্রাম থেকেই। ব্যবসা-বাণিজ্যের উন্নতি এবং দেশের আর্থিক খাতকে শীর্ষস্থানে নিয়ে যেতে হলে এই শহরটিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অপরিহার্য। কিন্তু দুর্ভাগ্যজনক বর্তমানে চট্টগ্রাম শহরে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং চাঁদাবাজির দৌরাত্ম্যে শহরটিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা বিরাজ করছে। এ ধরনের অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা-বাণিজ্য কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।

এই পরিস্থিতি চলমান থাকলে দেশের ব্যবসা-বাণিজ্য তথা অর্থনীতি স্থবির হয়ে পড়বে। 

বিবৃতিতে বিএনপি সর্বস্তরের ব্যবসায়ী মহল ও জনগণকে এ বিষয়ে একসঙ্গে দুস্কৃতিকারীদের প্রতিহত করার আহ্বান জানায়। এ ছাড়া বিএনপি চট্টগ্রাম শহরে চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে নাজেহাল ও অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে চরম উদ্বেগ প্রকাশ করছে এবং এই সমস্ত অনাচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনকে আহ্বান জানিয়েছে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT