জমি জালিয়াতি মামলায় বরিশালে ভূমি অফিসের দুই কর্মকর্তাকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।
আকিজ গ্রুপের করা মামলায় বৃহস্পতিবার (০১ জানুয়ারী) মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করেন। আসামীরা হলেন, জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আঃ বারেক এবং বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের সাবেক কানুনগো তৌফিকুর রহমান।
মামলা ও অন্যান্য সূত্রে জানা গেছে, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের হিজলা গ্রামের আব্দুল মালেক হাওলাদার ও তার স্বজনদের ৪০ শতাংশ জমির খতিয়ান পরিবর্তন করে স্থানীয় বাবুল জমাদ্দারের নামে ভূয়া কাগজ তৈরি করেন বাবুগঞ্জ ভূমি অফিসের তৎকালিক কানুনগো তৌফিকুর রহমান ও মাধবপাশা ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আব্দুল বারেক। পরে ওই জমি বিপুল অংকের টাকায় দেশের প্রতিষ্ঠিত কোম্পানি আকিজ গ্রুপের কাছে বিক্রি করেন। এ ঘটনায় জমির প্রকৃত মালিক ওই দুই অসাধু কর্মকর্তাসহ জালিয়াতি চক্রের অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
বিষয়টি আকিজ গ্রুপ জানতে পেরে প্রতিষ্ঠানটির পরিচালক শেখ শামিম উদ্দিন বশিাল মেট্রোপলিটন আদালতে ২০২৪ সালে একটি জালিয়াতি মামলা করেন। ওই মামলায় ২০২৫ সালে আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এর মধ্যে চলতি বছর ১ জানুয়ারী তৌফিকুর রহমান ও আব্দুল বারেক আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তা না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। উল্লেখ্য এর আগেও এই দুই আসামীর বিরুদ্ধে ভূমি জালিয়াতি মামলা রয়েছে বলে জানা গেছে।
বাদী পক্ষের আইনজীবী মাসুদ হাওলাদার জানান, এই দুই কর্মকর্তার সহযোগীতায় স্থানীয় একটি চক্র বিভিন্ন ব্যক্তির জমির ভূয়া কাগজ তৈরী করে বিক্রি করে আসছে। অবশেষে আকিজ গ্রুপের করা মামলায় তাদের জেল হাজতে প্রেরণ করেন বিচারক।