ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সব সরকারি কর্মচারীকে প্রস্তুতির আহ্বান, ঈদের পর কঠোর আন্দোলন!

author
Editor

প্রকাশিত : ১৭ জুন, ২০২৫ সকাল ১০:০৮
ad003

যাযাদি ডেস্ক


‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ- ২০২৫’ বাতিলের দাবিতে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারী কর্মচারীরা। তারা দুজন উপস্থিত না থাকায় তাদের দপ্তরে আজ সোমবার স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপি জমা দেওয়ার পূর্বা বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

কঠোর আন্দোলনে এবার দেশের সকল সরকারি চাকরিজীবীদের অন্তর্ভুক্ত করতে চান আন্দোলনকারী কর্মচারীদের সংগঠন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। ওই ফোরামের পক্ষ থেকে দেশের সরকারি কর্মচারীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়।

আন্দোলনকারী কর্মচারীরা আগামীকাল মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে স্মারকলিপি দেবেন।

এর আগে গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবিরের কাছে স্মারকলিপি দেন কর্মচারী ইউনিয়ন নেতা নূরুল ইসলাম ও নজরুল ইসলাম।

পরে উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তারা।

বৈঠক শেষে উপদেষ্টা বলেন, এখানে কিছু প্রভিশন আছে যেগুলো অপপ্রয়োগের সম্ভাবনা আছে। আপনাদের অবস্থান হচ্ছে এটা বাতিল করে দিতে হবে। বাতিল করার দাবি জানিয়ে আপনাদের যে বক্তব্য, সেটা উপদেষ্টা পরিষদে আমি আলাপ করব।

এ সময় কর্মচারী ইউনিয়নের নেতাদের দাবির বিষয়ে অনড় না থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আন্দোলন চলার মধ্যেই অধ্যাদেশটি জারি করে সরকার। এর পর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন আন্দোলনকারীরা।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT