ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভিডিওচিত্রভিত্তিক মিথ্যা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ

author
Editor

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:০৪
ad003
যাযাদি ডেস্ক

সম্প্রতি শাহ হাবিবুর রহমান হাবিব নামের একজন ব্যক্তি পরিকল্পিতভাবে একটি ভিডিও সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে চরমভাবে মিথ্যাচার, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন। তার এই ভিত্তিহীন ও অসত্য বক্তব্যের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ, নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি।

উল্লেখ্য, ভিডিওটি প্রকাশের আগেই তিনি আমাদের পরিবারের উপর নানা ধরনের কৌশলী হুমকি, মানসিক চাপ ও গোপন চাঁদা দাবির মাধ্যমে একটি সুপরিকল্পিত ব্ল্যাকমেইলের প্রচেষ্টা চালিয়েছেন। তিনি মোটা অঙ্কের অর্থ দাবি করে পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছিলেন- তা না হলে তিনি আমাদের বিরুদ্ধে অপপ্রচারে নামবেন। আমরা কোনো অন্যায় বা বেআইনি চাপে সাড়া না দেওয়ায় তিনি এই ভিত্তিহীন ভিডিও তৈরি করে তা প্রকাশ করেছেন।

এ বিষয়ে আইনের আশ্রয় চেয়ে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে। 

প্রসঙ্গত, উক্ত ব্যক্তি আমাদের পরিবারের কোনো সদস্য নন। তিনি একসময় আমাদের গৃহকর্মী ছিলেন মাত্র। আজ তিনি নিজেকে মিয়া বাবার সন্তান দাবি করে সম্পূর্ণ মিথ্যা পরিচয় ও জাল মালিকানার ভিত্তিতে সম্পত্তি দাবি করছেন, যা সরাসরি প্রতারণার শামিল।

আমার দাদার (মরহুম মিয়া বাবার) প্রকৃত সন্তান হোসেন বহু আগেই পারিবারিক সম্পর্ক ছিন্ন করে চলে যান এবং তার অংশ নিজ ইচ্ছায় আইনসম্মতভাবে তিনজনের নিকট লিখিতভাবে হস্তান্তর করেন। এই বণ্টননামাটি বর্তমানে আমার হেফাজতে রয়েছে, যা সম্পত্তির প্রকৃত মালিকানা ও বৈধ মালিকদের অবস্থান নির্ধারণে অকাট্য প্রমাণ।

বর্তমানে উক্ত সম্পত্তিতে আমার ভাই মিয়া আমির হোসেন (টুটুল) বৈধভাবে বসবাস করছেন, যার নামে দলিল, নামজারি ও কর পরিশোধের দলিলপত্র রয়েছে। এলাকাবাসী, স্বজন এবং প্রতিবেশীরাও এই বাস্তবতা সম্পর্কে অবগত এবং সাক্ষ্য দিতে প্রস্তুত যে, গত ৭০ বছরেরও অধিক সময় ধরে আমরা পরিবারসহ সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করছি।

একজন প্রাক্তন গৃহকর্মীর পক্ষ থেকে এমন নাটকীয় ভিডিও তৈরি করে সংবাদ সম্মেলনের নামে মিথ্যাচার করা কেবলই পারিবারিক সুনাম ক্ষুন্ন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা। এ ধরনের কর্মকাণ্ড আইন, শালীনতা ও মানবিকতার পরিপন্থী।

আমি সংশ্লিষ্ট প্রশাসন ও থানা পুলিশের কাছে বিনীত অনুরোধ জানাই- উক্ত মিথ্যা সংবাদ সম্মেলনের ভিডিও ও বক্তব্যের পূর্ণ তদন্ত করে শাহ হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন, যাতে ভবিষ্যতে কেউ এভাবে প্রতারণা ও মিথ্যাচারে সাহস না পায়।

পরিশেষে, গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আহ্বান- অনুগ্রহ করে যাচাই না করে কোনো মিথ্যা প্রচারের অংশ হবেন না। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে আছি এবং থাকব।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT