ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের ৬ আসনে ৪ জনের মনোনয়ন বাতিল, বৈধ ৪১ প্রার্থী

author
বরিশাল ব্যুরো

প্রকাশিত : ৫ জানুয়ারি, ২০২৬ সকাল ৮:০৪
ad003
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনে বিএনপির এক বিদ্রোহী প্রার্থীসহ চারজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। বৈধ ঘোষনা করা হয়েছে ৪১ জনার। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাইবাছাই শেষে এ তালিকা প্রকাশ করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খায়রুল আলম সুমান।

রিটার্নিং কর্মকর্তা জানান, বরিশাল জেলার ছয়টি আসন থেকে ৬২টি মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন প্রার্থীরা। এর মধ্যে থেকে ৪৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। গত ২ ও ৩ জানুয়ারি দুই দফায় যাচাইবাছাই শেষে রোববার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনয়নপত্র ও তার সঙ্গে দেওয়া হলফনামায় বিভিন্ন ত্রুটি থাকায় ৪ জনার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া বাকি ৪১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। 

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বাংলাদেশ জাসদের প্রার্থী মো. আবুল কালাম আজাদ। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ. সত্তার খান এবং বরিশাল-৫ (সদর) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী একেএম মাহবুব আলম ও একই আসনের স্বতন্ত্রপ্রার্থী তৌহিদুল ইসলাম। তাদের মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামা, ভোটার তালিকা, প্রস্তাবক ও সমর্থনকারীর তথ্যসহ বিভিন্ন কাগজপত্রে ত্রুটি ও অসংগতি থাকায় এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা জানান, যাদের মনোনয়নপত্র বাতিল বা স্থগিত করা হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) আপিল বোর্ডে আপিল করতে পারবেন। আপিলে বৈধতা পেলে তারা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT