প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, এ রাষ্ট্রের মালিক আমরা (জনগণ), আমরাই এর ভবিষ্যৎ ঠিক করে দেব। এইটাই সুযোগ, এই সুযোগ প্রতিদিন আসবে না। অতিতে যে সমস্ত গণভোট হয়েছে, তাতে আগে সিদ্ধান্ত নেয়া হয়েছে, পরে সম্মতি চাওয়া হয়েছে। এবার আগে সম্মতি চাওয়া হচ্ছে পরে তা বাস্তবায়নের ব্যবস্থা করা হচ্ছে- এটা হচ্ছে পার্থক্য। আগে আপনি, তারপর আপনার প্রতিনিধি; আপনাকে ছাড়া আপনার প্রতিনিধি নয়। রোববার (১১ জানুয়ারি) বরিশাল নগরীর বেলসপার্ক মাঠে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এই সম্মেলন হয়।
সম্মেলনে আলী রীয়াজ আরও বলেন, অনেকে বলে- গণভোটের মার্কা কি? উত্তর হচ্ছে- গণভোটের মার্কা হচ্ছে টিকচিহ্ন। ওইটাই গণভোটের মার্কা, যদি আপনি হ্যা বলতে চান তাহলে ওই মার্কায় ভোট দিতে হবে। আপনাদের রাজনৈতিক মতপার্থক্য, বিশ্বাস, ভিন্ন দল থাকবে- সেটার জন্য জাতীয় সংসদ নির্বাচনের সাদা রঙের ব্যালট। আর গোলাপী রঙের ব্যালটটি হচ্ছে গণভোটের। প্রতি পাঁচ বছরে প্রতিনিধি বদল হবে, অথবা হবে না, একই দল হয়তো জিতবে। সংখ্যাগরিষ্ট জনগণ যদি তা চান অবশ্যই তা থাকতে পারবে গণতন্ত্র তাই বলে। কিন্তু তাদেরকে পাঁচ বছরের বাইরেও যে ভবিষ্যতের রাস্তা, সেই রাস্তাটা যেন বলে দিই সকলে মিলে। বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত) মনির হায়দার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন প্রমুখ।
ছবির ক্যাপসনঃ- বরিশালে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।