ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের গৌরনদীতে ভ্যানচালককে হত্যা

author
বরিশাল অফিস

প্রকাশিত : ১১ জানুয়ারি, ২০২৬ দুপুর ৩:০৫
ad003
বরিশালের গৌরনদীতে দূর্বৃত্তদের হামলায় মঞ্জু বেপারী (৫০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার পূর্ব কাসেমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে ভ্যানচালক মঞ্জু এক যাত্রীকে বাড়ি পৌঁছে দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ১১টার দিকে পূর্ব কাসেমাবাদ এলাকার ইয়াসিন খানের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রাস্তায় ভ্যানের ওপর শুইয়ে রাখে। স্থানীয়রা তার গোঙানির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান। গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. টিপু সুলতান জানিয়েছেন, নিহত ব্যক্তির শরীরে কমপক্ষে ১০-১২টি কোপের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু হয়। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে কুপিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT