তজুমদ্দিন উপজেলার শাকিল হত্যা মামলার মূল আসামী মো: তামিমকে (২২) গ্রেফতার করেছে র্যাব-৮। গ্রেফতারকৃত তামিম ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আড়ালিয়া গ্রামের নূরন্নবী পন্ডিতের ছেলে।
বুধবার সন্ধ্যায় র্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার লে. মো: শাহরিয়ার রিফাত অভি তথ্যটি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরের দিকে ঢাকার ভাটারা থানা এলাকা আইল্যান্ডের মাথা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গত ১০ জানুয়ারি বিকেল ৪ টার দিকে প্রাধান আসামী তামিমের সাথে ভিকটিমের ভাইয়ের কাছে ৬ শ' টাকা পাওনার জের ধরে বাকবির্তক হয়। এক পর্যায়ে তামিম ভিকটিম শাকিলকে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে মাথায় আঘাত করেন। এতে শাকিল মাটিতে পরে গেলে তামিম পালিয়ে যায়। ওই সময় শাকিলকে তার পরিবারের সদস্যরা উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। পরে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসকরা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এরপর সেখানে চিকিৎসাধিন অবস্থায় ১১ জানুয়ারি ভোরের দিকে শাকিলের মৃত্যু হয়। এঘটনার পরে নিহতের বাবা মো: ইউনুছ তুমদ্দিন থানায় একটি মামলা করেন।