বরিশাল সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২৬ জানুয়ারি দুপুরে বরিশাল নগরীর বেলস পার্কে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তারেক রহমান। বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিন জাহান শিরিন এই তথ্য নিশ্চিত করেছেন। তারেক রহমানের বিএনপির তরুন প্রজন্মের আইডল তারেক রহমানের বরিশাল সফরের খবরে উচ্ছসিত এ অঞ্চলের সর্বস্তরের নেতা-কর্মীরা। তাকে বরণ করে নিতে এরইমধ্যে প্রশংস্তুতি শুরু করেছেন তৃনমুলের নেতা-কর্মীরা।
বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিন জাহান শিরিন জানান, তারেক রহমানের বরিশাল আগমনের বিষয়টি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে। বুধবার তাকে ও চেয়ারম্যানের উপদেষ্টা বরিশাল সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে তারেক রহমানের প্রতিনিধি তার সফরের বিষয়টি জানান। আগামী ২৬ জানুয়ারি দুপুরে বরিশাল নগরীর বেলস পার্কে বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। সভা আয়োজনের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে তাদের। তিনি আরও বলেন, দীর্ঘ ২০ বছর পর নেতাকে বরিশালে বরণ করতে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে আগামী ১৮ জানুয়ারি বরিশাল ক্লাবে প্রস্তুতি সভা ডাকা হয়েছে। সভায় বরিশাল বিভাগের সংসদীয় ২১টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা, জেলা, মহানগর এবং উপজেলা বিএনপির নেতারা অংশ নেবেন। সেখানে তারেক রহমানের নির্বাচনী জনসভা সফল করতে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত হবে।
জানা গেছে, প্রায় ২০ বছর পর বরিশাল সফর করবেন বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। সবশেষ ২০০৬ সালের ১৪ মে তিনি বরিশালে আসেন। ওইদিন তিনি বরিশালে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এরপর সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তারেক রহমান। তাছাড়া বাকেরগঞ্জ উপজেলায় একটি ব্রিজও উদ্বোধন করেছেন তিনি। ওই সময় তিনি বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার এই আগমন বরিশালের রাজনীতিতে নতুন প্রত্যাশার বার্তা বলে মনে করেন নেতা-কর্মীরা। এদিকে তারেক রহমানের সফরের খবর ছড়িয়ে পড়লে বরিশালে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নেতাকে বরণে নানান রকম প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা। তারেক রহমানকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন নেতাকর্মীরা। আগামী ২৬ জানুয়ারি নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপান্তর করতে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার।