রগুনার তালতলী উপজেলায় ভোট চাওয়াকে কেন্দ্র করে এক ধানের শীষ সমর্থকের ওপর ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে হামলার অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোনখোলা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হন মো. কালু (৪৫)। তিনি ছোনখোলা গ্রামের মৃত আব্দুল আজীজের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোনাকাটা ইউনিয়নের ছোনখোলা এলাকার বাসিন্দা নান্টুর পরিবার আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তারা হাতপাখা প্রতীকের পক্ষে নির্বাচন করছেন। এ কারণে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য তারা একই এলাকার কালুর ওপর চাপ সৃষ্টি করেন। এ সময় কালু ধানের শীষ প্রতীকে ভোট দেবেন বলে জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে নান্টু (৪০) ও তার দুই ছেলে রাকিব (২২) এবং সজিব (১৯) ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’ স্লোগান দিতে দিতে কালুর ওপর অতর্কিত হামলা চালায়। মারধরের একপর্যায়ে কালু গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তালতলী সরকারি হাসপাতালের কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার সব্যসাচী দাস সানি জানান, আহত কালুর মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে এবং তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অভিযুক্ত নান্টুর ছেলে রাকিব অভিযোগ অস্বীকার করে বলেন,আমাদের পরিবার কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। আমি সোনাকাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের একজন সদস্য। পূর্বশত্রুতার জেরেই আমার বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ঘটনার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, ঘটনার বিষয়টি শুনেছি। এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।