টেকনাফ সদর ইউনিয়নের আওতাধীন মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন উত্তর লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট এলাকায় এক তরুণ ও এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় সদর ইউনিয়নের উত্তর লম্বরী সৈকত এলাকা থেকে ভেসে আসা দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, উদ্ধার হওয়া তরুণীর শরীরে কোনো কাপড় ছিল না। অন্যদিকে তরুণের পরনে লম্বা প্যান্ট ও জ্যাকেট ছিল।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সমুদ্র সৈকতে তরুণ-তরুণীর মরদেহ ভেসে আসার খবর পেয়ে ঘটনাস্থলে উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালামকে পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আরও জানান, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। মরদেহ দুটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বিস্তারিত পরে জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।