নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ের তালা ভেঙে দলটির কর্মীদের মিছিলের পর পাল্টা মিছিল করে আবারও তালা দিয়েছেন যুবদলের কর্মীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকাল ৭টার দিকে কিছু ব্যক্তি নিজেদেরকে আওয়ামী লীগের তৃণমূল কর্মী পরিচয় দিয়ে মাইজদী শহরের প্রধান সড়কের পাশে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হন। তারা নানা রকম শ্লোগান দিয়ে কার্যালয়ের প্রধান ফটকে আগে থেকে লাগানো তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং কার্যালয়ে সামনের অংশে "নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়" নামে একটি ব্যানার ঝুলিয়ে দেন। এ সময় মুঠোফোনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এরপর বেলা ১২টার দিকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের নেতৃত্বে যুবকদ কর্মীরা সেখানে পৌঁছে পাল্টা শ্লোগান দিয়ে পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মিছিল ও ফটকের তালা খোলার ঘটনার পরপরই অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে পুলিশ। তারা হলেন সফিকুল ইসলাম, কাউছার, জিয়াউল, আবু সাইদ ও বিদ্যুৎ রঞ্জন পাল। ওসি বলেন, আটক ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত এবং আজকের ঘটনার সাথে জড়িত। ভিডিও ফুটেজ দেখে বাকিদের আটকের চেষ্টা চলছে।
উল্লেখ, ২০২৪ সালের ৪ আগষ্ট ছাত্র জনতার অভ্যুঙ্থানের সময় নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুরের পর প্রধান ফটকে তালা দেওয়া হয়। এরপর থেকে কার্যালয়টি বাইরে থেকে বন্ধ ছির এতোদিন।