নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ১৫টি পদের মধ্যে বিএনপি সমর্থিত নীল প্যানেল সভাপতি সহ ৫টি পদে, সাধারণ আইনজীবীদের সাদা প্যানেল সাধারণ সম্পাদক সহ ৯টি পদে এবং জামায়াত সমর্থিত সবুজ প্যানেল একটি কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছে।
বুধবার দুপুরে নবনির্বাচিত কমিটির কাছে পূর্বের কমিটি দায়িত্ব হস্তান্তর করেন।
এর আগে মঙ্গলবার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে দিনভর ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি সমর্থিক নীল প্যানেল থেকে সভাপতি পদে এবিএম জাকারিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে সফিক উল্লাহ সুমন, লাইব্রেরি সম্পাদক পদে সালেহ উদ্দিন, কার্যনির্বাহী সদস্য পদে নুর আলম ও নেওয়াজ শরীফ শুভ নির্বচিত হন।
সাধারণ আইনজীবীদের সাদা প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে মোশাররফ হোসেন মাসুদ, সহ-সভাপতি পদে মো. সহিদ হোসেন ও আশরাফুল ইসলাম মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে গিয়াস উদ্দিন বাবুল, ট্রেজারার পদে জায়েদ হোসেন দিদার, আপ্যায়ন সম্পাদক পদে নুর হোসেন সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নিজাম উদ্দিন পলাশ, সদস্য পদে আদিল আমিন ও মোকাদ্দেস হাসান নির্বাচিত হয়েছেন।
এছাড়া জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ ইব্রাহিম ইমরান।