ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দাউদকান্দিতে বিনামূল্যে চিকিৎসা ও ৫০ শতাংশ ছাড়ে পরীক্ষা

author
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৫
ad003
মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে অবস্থিত সাফীন আধুনিক ডায়াগনস্টিক সেন্টার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে।

২১ ফেব্রুয়ারি (শনিবার) সারাদিনব্যাপী এই কর্মসূচির আওতায় শিশু, নারী, ডায়াবেটিস ও মেডিসিন রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ দেওয়া হবে। এদিন ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. রেজাউল করিম এম (এমবিবিএস, এমডি) রোগীদের চিকিৎসা সেবা প্রদান করবেন।

ডা. রেজাউল করিম এম বলেন, একুশে ফেব্রুয়ারির মতো ঐতিহাসিক দিনে শিশু ও নারীসহ সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া একটি মানবিক দায়িত্ব। তিনি জানান, মেডিসিন ও ডায়াবেটিসজনিত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হবে।

ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. শফিকুল ইসলাম যায়যায়দিনকে বলেন, নতুনভাবে প্রতিষ্ঠানটি চালু হওয়ায় প্রচারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক মানুষ অভিজ্ঞ চিকিৎসকের কাছে বেশি ভিজিট ফি থাকার কারণে চিকিৎসা নিতে পারেন না। সেই বাস্তবতা বিবেচনায় রেখেই একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি কোনো রোগীর পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয় এবং সেগুলো সাফীন আধুনিক ডায়াগনস্টিক সেন্টারে করানো হয়, তাহলে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সংশ্লিষ্ট পরীক্ষাগুলোর ওপর ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।

ডায়াগনস্টিক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবেন এবং মহান একুশের চেতনাকে বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে সম্মান জানানো সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT