ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পানি সঙ্কট এলাকায় পানি বিতরণ শুরু টেকনাফে

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৫
ad003
টেকনাফ পৌরসভার পানি সঙ্কট এলাকায় পানি বিতরণ শুরু হয়েছে। আজ ২২ ফেব্রুয়ারী ২০২৬ ইংরেজি সকাল থেকে এ পানি বিতরণ শুরু হয়। 

পানির সমস্যা তীব্র হওয়ায় ও বিভিন্ন সূত্রে পানি সঙ্কটের ব্যাপারে অবগত হওয়ার পরে টেকনাফ পৌরসভার সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ ইমামুল হাফিজ নাদিম। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভায় কর্মরত কর্মকর্তাদের সহযোগিতায় ৩নং ওয়ার্ড ও ৭নং ওয়ার্ডে পানি বিতরণ চলছে। পর্যায়ক্রমে পুরো পৌরসভার পানি সঙ্কট স্থানে পানি বিতরণ করা হবে বলে জানা যায়।

উপকারভোগী আছিয়া খাতুন বলেন, প্রতিদিন অনেকদূর থেকে পানি আনতে হতো। আজ পৌরসভার সহযোগিতায় হাতের নাগালে পানি পাওয়ায় দূর থেকে পানি আনতে হয়নি যার জন্যে পৌর প্রশাসককে ধন্যবাদ জানাই।

জনসাধারণের কষ্ট লাঘবে খাবার পানি বিতরণ করে চমৎকার একটি মহতী উদ্যোগ নেওয়ায় পৌরবাসীর পক্ষ থেকে পৌর প্রশাসককে ধন্যবাদ। তবে পৌরবাসীর দাবী পানির সঙ্কট সমাধানের জন্য স্থায়ীভাবে উদ্যোগ নেওয়া হোক।

পৌরসভায় কর্মরত কনজারভেন্সি ইন্সপেক্টর মোঃ ইয়াছিন বলেন, পৌর প্রশাসকের নির্দেশনা মতে পৌরসভার পানি সঙ্কট এলাকায় পানি বিতরণ শুরু হয়ে চলমান রয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ ইমামুল হাফিজ নাদিম বলেন, পৌরসভার যে ওয়ার্ডে পানির সমস্যা আছে সে ওয়ার্ডে পানি বিতরণ শুরু হয়েছে। পাশাপাশি পবিত্র মাহে রমজান চলছে। সব মিলিয়ে অসহায়দের স্বার্থে পানি সঙ্কট সমাধানের জন্য এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান ইউএনও।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT