পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও ভোক্তা হয়রানি রোধে র্যাব-৮ এর উদ্যোগে নগরীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে বরিশাল নগরীর বাজার রোড এলাকার পাইকারি দোকানে অভিযান চালানো হয়। এসময় জরিমানা করা হয় পাঁচ ব্যবসায়ীকে। র্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৮ প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন অবৈধ সিন্ডিকেট, মজুতদার, চোরাকারবারি ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সফলভাবে অভিযান পরিচালনা করে আসছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব-৮ সদর কোম্পানী এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট’সহ একটি দল মঙ্গলবার বিকেলে নগরীর বাজার রোড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এসময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না টানানো, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দ্বারা ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অপরাধে ৫ জন দোকান মালিককে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে মৌখিকভাবে সতর্ক করে ভ্রাম্যমান আদালত। স্থানীয় লোকজন র্যাবের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানান।