কুমিল্লার দাউদকান্দিতে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দৈনিক সংগ্রাম পাঠক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি দাউদকান্দি বাজারের তালপাতা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। মাহফিলের মূল উদ্দেশ্য ছিল পবিত্র মাহে রমজানের তাৎপর্য রক্ষা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের ৪০ বছরের পাঠক ডা. গিয়াসউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন আনন্দ নিকেতন আবাসিক প্রকল্পের পরিচালক মাওলানা নাসির উদ্দিন। আয়োজক হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক সংগ্রাম পাঠক ফোরামের দাউদকান্দি প্রতিনিধি তৌফিক রুবেল।
ইফতারের আগমুহূর্তে দাউদকান্দিসহ দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। তৌফিক রুবেল বলেন, “পাঠক ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করতে আমরা ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমুখী ও সৃজনশীল কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা করছি।”
মাহফিলে দাউদকান্দির জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠানটি একটি সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা হিসেবে সম্পন্ন হয়।