পেকুয়া উপজেলার একটি তালাবদ্ধ বসতবাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডে ঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
সোমবার (২ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার পূর্ব গোঁয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নিলুফা ইয়াসমিন, তিনি একই এলাকার মৃত নুরুল আমিনের মেয়ে। জানা গেছে, গত দুই মাস ধরে তিনি ও তার ছেলে সাইমন ঢাকায় অবস্থান করছিলেন। এ সময় বাড়িটি তালাবদ্ধ ছিল।
পরিবারের অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে স্থানীয় কয়েকজন অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে টমটমের ব্যাটারি চার্জ করতেন। বিষয়টি জানাজানি হলে বিদ্যুৎ কর্তৃপক্ষ তাদের জরিমানা করে। পরে তারা নিলুফা ইয়াসমিন ও তার ছেলের কাছে বৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার অনুমতি চাইলেও তা না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে বসতবাড়িতে আগুন দেয় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর ভাই হারুনুর রশিদ বলেন, আমাদের বিধবা বোনের শেষ আশ্রয় এই বসতবাড়িটাই শত্রুরা পুড়িয়ে দিয়েছে। শুধু আগুন দিয়েই ক্ষান্ত হয়নি, আলামত নষ্ট করতে গাছ-বাঁশ কিনে এনে ঘেরাবেড়া দিয়ে ভস্ম সরানোর চেষ্টাও করেছে।
তিনি আরও দাবি করেন, বিদ্যুৎ সংযোগ নিয়ে বিরোধই আগুন দেওয়ার মূল কারণ এবং ঘটনাটি পূর্বপরিকল্পিত।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।