ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেল গৃহনির্মাণ সামগ্রী

author
গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

প্রকাশিত : ৩ মার্চ, ২০২৬ সকাল ৯:১৮
ad003
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়ন এলাকায় দায়িত্বপ্রাপ্ত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি-এর সিন্দুকছড়ি জোন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে আর্থ-সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। মানবিক দায়িত্ববোধ ও জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় আবারও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জোনটি।

আজ ০৩ মার্চ ২০২৬ তারিখে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের গৃহনির্মাণের জন্য রঙিন ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের সুকান্ত মহাজন পাড়ায় যুব লক্ষ্মী ত্রিপুরা নামক এক অসহায় নারীর বসতঘর রান্নাঘরের চুলার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে পুড়ে যায়। যদিও এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে তার বসতবাড়ি ও প্রয়োজনীয় আসবাবপত্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এতে পরিবারটি মানবেতর জীবনযাপনে পড়েন।

ঘটনার সংবাদ পেয়ে সিন্দুকছড়ি জোনের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ ও শীতবস্ত্র প্রদান করে। সেনাবাহিনীর এই তাৎক্ষণিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়।

পরবর্তীতে গৃহহীন পরিবারটির পুনর্বাসনের লক্ষ্যে আজ সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে মেজর মোঃ শাইয়েন কাদির রঙিন ঢেউটিন ও পুনরায় নগদ অর্থ প্রদান করেন। এ সময় স্থানীয় কারবারি, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত সকলে সিন্দুকছড়ি জোনের মানবিক ও দায়িত্বশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। মানবতার সেবায় সেনাবাহিনীর এ আন্তরিক প্রচেষ্টা দুর্গত পরিবারের মনে আশার আলো। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT