ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রানিয়ারা (কুটি) এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) বিকেলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাজিব মিয়া (২৪), পিতা- শাহজাহান এবং শাহিন মিয়া (২০), পিতা- বাবুল মিয়া, উভয় সাং- বালকি নয়াপাড়া, উপজেলা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থলে চলমান তিনটি ড্রেজার মেশিনের কার্যক্ষমতা নষ্ট করা হয় এবং অবৈধ কাজে ব্যবহৃত পাইপগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, কৃষি জমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি), তানজিল কবির বলেন, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।