ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ছাত্রলীগের ব্যানারে ৭ মার্চ পালন

author
বরিশাল ব্যুরো

প্রকাশিত : ৮ মার্চ, ২০২৬ সকাল ৮:২২
ad003
পাঁচ আগস্ট পরবর্তী সময়ে প্রথমবারের মতো বরিশালে প্রকাশ্যে ৭ মার্চ পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। 

শনিবার  (৭ মার্চ) নগরীর বধ্যভূমি এলাকায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব খানের পক্ষ থেকে দোয়া-মোনাজাত ও ইফতার কর্মসূচি পালন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে কয়েকজন নেতাকর্মী সেখানে জড়ো হয়ে ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে দোয়া ও মোনাজাত করেন। পরে তারা ইফতার আয়োজনেও অংশ নেন। এ সময় কিছু নেতাকর্মী বধ্যভূমিতে অবস্থান করে বিভিন্ন ছবি ও ভিডিও ধারণ করেন। 

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পাঁচ আগস্টের পর বধ্যভূমি এলাকা থেকে সরিয়ে ফেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের স্থানে পুনরায় একটি ছবি স্থাপন করেছেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। 

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন পর প্রকাশ্যে এমন কর্মসূচি পালন করায় বিষয়টি নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এর আগে কয়েক দফা গোপনে ছাত্রলীগের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন টানানোর চেষ্টা করেন বলে খবর পাওয়া গেছে। 

এমনকি পুড়ে যাওয়া জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়েও রাতের আঁধারে ব্যানার লাগানোর ঘটনাও ঘটেছে বলে জানা যায়। তবে পাঁচ আগস্টের পর দেড় বছরে এই প্রথম বরিশালে প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নিতে দেখা গেল ছাত্রলীগের নেতাকর্মীদের। তবে বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা আল মামুন ইসলাম।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT