ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ইউএনও-এসি ল্যান্ডের নির্দেশ অমান্য করে খালের উপর দোকান নির্মাণ

রামগঞ্জে দেয়াল ধসে এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ২

author
রামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ৯ মার্চ, ২০২৬ সকাল ৬:৩৪
ad003
লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি ওষুধের দোকানের নির্মাণাধীন দেয়াল ধসে ফাহাদ হোসেন (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক মো. খোরশেদ আলম ও তার ভাই মো. আমির হোসেন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) দুপুরে রামগঞ্জ পুলিশ বক্স সংলগ্ন রামগঞ্জ–সোনাইমুড়ী বাইপাস সড়কের আল-মুনছুর ড্রাগ হাউজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহাদ হোসেন রামগঞ্জ পৌরসভার বাঁশগর ওয়ার্ডের আহম্মেদ আলী হাজী বাড়ির আলমগীর হোসেন বকুলের ছেলে। তিনি উপজেলার নিচহরা সমাজকল্যাণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খালের পাশে অবৈধভাবে দোকান নির্মাণের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এবং থানা পুলিশের একটি দল গভীর রাতে অভিযান চালিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন। কিন্তু পরে ড্রাগ হাউজ কর্তৃপক্ষ প্রশাসনের নির্দেশ অমান্য করে পুনরায় নির্মাণকাজ শুরু করে।

রোববার দুপুরে নির্মাণাধীন দেয়াল হঠাৎ ধসে সড়কের ওপর পড়ে। এ সময় সেখানে থাকা ফাহাদ হোসেন দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় ভ্যানচালক খোরশেদ আলম ও তার ভাই আমির হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি রাতে রামগঞ্জ–সোনাইমুড়ী বীরেন্দ্র খালের উপর আল-মুনছুর ড্রাগ হাউজের পক্ষ থেকে দোকান নির্মাণের কাজ শুরু করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারশিদ বিন এনাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউল হক ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন এবং ভবনটি তালাবদ্ধ রাখার নির্দেশ দেন।

কিন্তু কয়েকদিন পরই অদৃশ্য প্রভাব খাটিয়ে পুনরায় অবৈধভাবে নির্মাণকাজ শুরু করা হয়। এ অবস্থায় রোববার শ্রমিকরা কাজ করতে গেলে নির্মাণাধীন দেয়াল ধসে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউল হক ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারশিদ বিন এনাম জানান, বীরেন্দ্র খালের ওপর অবৈধ দোকান নির্মাণের সংবাদ পেয়ে প্রশাসনের পক্ষ থেকে তা বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে তারা গোপনে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT