নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় খালে পড়ে থাকা বস্তায় অজ্ঞাত এক যুবকের গলাকাটা (৩৯) মরদেহ পেয়েছে পুলিশ।
সোমবার বিকেলে চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গণিপুর খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেগমগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন গণিপুর খালে একটি বস্তা দীর্ঘ সময় ধরে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নিয়ে প্রথমে জনমনে কৌতুহল ও সন্দেহের সৃষ্টি করে এবং লোকজন ঘটনাস্থলে ভিড় জমাতে থাকে। পরে এনিয়ে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হলে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খাল থেকে বস্তাটি উদ্ধার উপরে তুলে বস্তার মুখ খুলে ভেতরে যুবকের গলাকাটা মরদেহ দেখতে পায়। নিহত যুবকের হাত-পা প্লাস্টিক দিয়ে বাঁধা ছিল।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ২/৩ দিন আগে কে বা কারা তাকে হত্যা করে এখানে ফেলে যায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার কাজ চলছে।