ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় বন্ধুমহল–২১ এর উদ্যোগে দুই শতাধিক এতিম ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ

author
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬ সকাল ৯:১১
ad003
পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২১ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন বন্ধুমহল–২১ এর উদ্যোগে দুই শতাধিক এতিম ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে বন্ধুমহল–২১ এর সদস্যরা আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়ে ইফতারের প্যাকেট প্রস্তুত করেন। প্রতিটি প্যাকেটে ছিল বিরিয়ানি, ফলমূল, খেজুর ও পানি। পরবর্তীতে এসব ইফতার সামগ্রী পৌর শহরের তিনটি এতিমখানা এবং আখাউড়া রেলওয়ে স্টেশনে অবস্থানরত অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

ইফতারের প্যাকেট পেয়ে এতিম শিশু ও সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে আনন্দের ছাপ লক্ষ্য করা যায়। বিশেষ করে বিরিয়ানি ও ফলমূল পেয়ে শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

সংগঠনের সদস্য তাহসিন তোহা জানান, স্থানীয় বন্ধুমহলের সদস্যদের পাশাপাশি প্রবাসে অবস্থানরত বন্ধুদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও নিজস্ব অর্থায়নে এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, আমাদের সংগঠনটি গত পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে রমজান মাসের ২৫ তারিখ এতিম ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করে আসছে। সমাজের অবহেলিত মানুষদের সাথে ইফতার ভাগাভাগি করতে পারা আমাদের জন্য এক ধরনের মানসিক তৃপ্তি ও আনন্দের বিষয়।

বন্ধুমহল–২১ এর সদস্যরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তারা বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT