কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্ততিকালে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত রাখা অবৈধ অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আজ বুধবার (১৮ মার্চ) ভোররাতে চিরিঙ্গা জনতা মার্কেট-বেতুয়াবাজার সড়কের চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আমানপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চকরিয়া থানা পুলিশের একটি টিম।
এদিন দুপুরে চকরিয়া থানার মিডিয়া শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশের এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
তিনি বলেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জনগণ তথা চকরিয়াবাসীর ঈদ উৎসব নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে বেশকিছু দিন ধরে চকরিয়া থানা পুলিশ এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি অভিযানে নেমেছে। এরই অংশ হিসেবে থানা পুলিশের একটি আভিযানিক টিম বুধবার ভোররাতে চকরিয়া থানাধীন চকরিয়া পৌরসভা ১ নম্বর ওয়ার্ডস্থ আমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্ততিকালে একদল দুবৃর্ত্তকে চ্যালেঞ্জ করে।
এ সময় তারা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ইমতিয়াজুল কাদের রায়হান (২৮), নাছির উদ্দিন (৩৫), খুর্শিদা বেগম (৩৫) ও ইসমত আরা (৩৮) নামে চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ওসি মনির হোসেন বলেন, পরে গ্রেফতারকৃতদের দেখিয়ে দেওয়া এলাকা থেকে ১টি একনলা এলজি বন্দুক, ১টি দোনলা এলজি বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ২টি গ্রিল/তালা কাটার মেশিন, ১টি লোহার পোড়াবাড়ি, ১টি হাতুড়ি, ১টি রাম দা, ১টি কাঠের বাটযুক্ত চাকু উদ্ধার করে পুলিশ।
একইসঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস গাড়ি ও ২টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল (পালসার ১৫০ সিসি ও সুজুকি জিক্সার) উদ্ধার করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একটি অস্ত্র আইনে এবং ডাকাতির প্রস্ততির সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। বুধবার দুপুরে তাদের চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।