ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাকসাম সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত মহিলাটি মারা গেছেন

author
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬ সকাল ৯:৪৪
ad003
লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা এক মহিলার (৪০) মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 

লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে গেছে, গত ২৪ মার্চ দুপুরে অচেতন অবস্থায় লালমাই থানা পুলিশ অজ্ঞাত ওই মহিলাকে লাকসাম সরকারি হাসপাতালে রেখে যান। হাসপাতালের চিকিৎসকরা পাঁচ দিন চিকিৎসা দিলেও তার জ্ঞান ফিরেনি। অবশেষে অচেতন অবস্থায়ই ওই মহিলা মারা যান। 

লালমাই থানা পুলিশ জানায়, গত ২৪ মার্চ লালমাই উপজেলার পেরুল এলাকায় অজ্ঞাত এক মহিলাকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে অচেতন অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে পাশ্ববর্তী লাকসাম সরকারি হাসপাতালে পাঠানো হয়।

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম জানান, গত ২৪ মার্চ দুপুরে কয়েকজন পুলিশ সদস্য অজ্ঞান অবস্থায় অজ্ঞাত এক মহিলাকে জরুরী বিভাগে রেখে যান। প্রাথমিক চিকিৎসা শেষে প্রথমে তাকে বারান্দায় রাখা হয়। তিনি প্রস্রাব-পায়খানা করে বিছানা নষ্ট করছিলেন। পরে ওয়ার্ডের ফ্লোরের একটি বেডে রেখে সাধ্যমত সর্বোচ্চ চিকিৎসা দেয়া হয়। ২৯ মার্চ (রোববার) ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, এ কয়েকদিনে পুলিশ কিংবা অন্য কোন ব্যক্তি অজ্ঞাত ওই মহিলার কোন খোঁজখবর নেয়নি। ধারনা করা হচ্ছে, ওই মহিলাকে কেউ অজ্ঞান করার নেশা জাতীয় কোন ঔষধ খাইয়ে দিয়েছে। ফলে তিনি অচেতন হয়ে পড়েছেন।

এ বিষয়ে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, পাঁচ দিন আগে লালমাই উপজেলার পেরুল দক্ষিণ এলাকায় রাস্তায় অচেতন অবস্থায় অজ্ঞাত ওই মহিলাকে পুলিশ উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে আসেন। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT