ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের তিন লাখ পীর এলাকায় নতুন একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) স্থাপনের প্রস্তাব গ্রহণ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন রোববার স্বাক্ষরিত চিঠি থেকে এই তথ্য জানা গেছে।
এ সংক্রান্ত একটি চিঠি জেলা বিএনপি’র সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪-(কসবা-আখাউড়া) আসনে বিএনপি প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কবীর আহমেদ ভ‚ঁইয়ার কাছে পাঠানো হয়েছে। ওই চিঠিতে এ বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে উল্লেখ করা হয়েছে। কবীর আহমেদ ভূইঁয়া চিঠিটি সাংবাদিকদের একটি হুয়ার্টসঅ্যাপ গ্রুপে দেন।
এর আগে গত ২৪ মার্চ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের কাছে চিঠি লিখেন কবীর আহমেদ ভূইঁয়া।
ওই চিঠিতে তিনি লিখেন, ব্রাহ্মণবাড়িয়া-চট্টগ্রাম মহাসড়কের পাশে তিনলাখ পীর একটি গ্রোথ সেন্টার। জেলা শহরের সাথে এর রয়েছে ভালো যোগাযোগ। দেশের অন্যতম রেলওয়ে জংশন আখাউড়ার এর সন্নিকটে অবস্থিত। অন্যতম প্রাচীন আখাউড়া স্থলবন্দরও এর কাছে। ফলে কাঁচামাল সংগ্রহ ও উৎপাদিত পণ্যের পরিবহনে এ এলাকাটি আদর্শ স্থান।
সার্বিক প্রেক্ষাপট পর্যালোচনায় তিনলাখ পীর এলাকাটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপনের জন্য উপযোগী। মহাসড়কের পাশে এ এলাকায় রয়েছে সুবিশাল আয়তনের খাসজমি এবং ব্যক্তি মালিকানাধীন কিছু জমি যা সহজেই আইনি প্রক্রিয়ায় অধিগ্রহনযোগ্য।
রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল বা ইপিজেড হলো, শুল্কমুক্ত ও বিশেষ সুবিধাপ্রাপ্ত একটি শিল্প এলাকা, যেখানে মূলত রপ্তানিমুখী পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংযোজন করা হয়। এটি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বেপজা পরিচালিত করে। যার মূল লক্ষ্য হলো বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।
যা বাস্তবায়িত হলে জেলার শিল্পায়ন ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে কবীর আহমেদ ভূঞা আশা প্রকাশ করে বলেন, “এই প্রকল্পটি বাস্তবায়িত হলে কসবা-আখাউড়া অঞ্চলের সার্বিক অর্থনৈতিক চিত্র বদলে যাবে। প্রবাস ফেরত দক্ষ জনশক্তির জন্যও এটি একটি বড় সুযোগ তৈরি করবে।