ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, শিশু ধর্ষণ চেষ্টা মামলায় যুবকের ৭ কারাদণ্ড

author
স্টাফ রিপোর্টার, নোয়াখালী

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬ সকাল ১১:৪৪
ad003
নোয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন এবং শিশু ধর্ষণ চেষ্টা মামলায় এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পৃথক দুই মামলায় নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এ রায় দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি অ্যাডভোকেট মো. সেলিম শাহী জানান, ২০১৮ সালে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে শাহানারা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার দায়ে তার স্বামী গোলাম সারোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক।

তিনি বলেন, ২০১৮ সালের ৩ জানুয়ারি ভোররাতে গোলাম সারোয়ার তার স্ত্রী শাহানারা বেগমকে নামাজরত অবস্থায়  পেছন দিক থেকে গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করেন। স্ত্রীর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান তিনি।

পরে নিহত শাহানারা বেগমের পিতা রুহুল আমিন বাদী হয়ে এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং: নারী ৩৮০/১৮)। চাঞ্চল্যকর এ মামলায় নিহতের ছেলে সাইমুন নিজ বাবার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য প্রদান করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় প্রদান করেন বিচারক। 

​একই আদালত ২০২০ সালের ৮ মার্চ বেগমগঞ্জ উপজেলার করিমপুর এলাকায় ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। দণ্ডিত বরকত উল্লাহ ওই এলাকার পাটোয়ারী বাড়ির রহমত উল্লাহর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর ভাই মো. ইয়ামিন বাদী হয়ে মামলা দায়ের করেন।

আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪) খ ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে এ সাজা প্রদান করেন।

পিপি মো. সেলিম শাহীন রায়ের আরও বলেন, "পৃথক দুটি মামলায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আগামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন। এর মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার পেয়েছে।"
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT