চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেছেন সদ্য নির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরী। একইসঙ্গে উপজেলার সাতটি ইউনিয়ন বিএনপির কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) তার নিজ বাসভবনে অনুষ্ঠিত এক সভায় এ ঘোষণা দেন তিনি।
নতুন ঘোষিত কমিটিতে পূর্বের আহ্বায়ক ডা. কমল কদরকে পুনরায় আহ্বায়ক করা হয়েছে। এছাড়া জহুরুল আলম জহুর ও সালামত উল্লাহকে যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ মোরসালিনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। যুগ্ম সদস্য সচিব হিসেবে যুবদল নেতা ফজলুল করিম চৌধুরীর নাম ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণার পূর্বে আসলাম চৌধুরী বলেন, যাকে আহ্বায়ক করা হবে, তিনি ভবিষ্যতে সভাপতি পদে নির্বাচন করতে পারবেন না।
তিনি আরও জানান, নবগঠিত এ কমিটি আগামী চার মাসের সকল ইউনিয়ন কমিটি গঠনের কাজ সমাপ্ত করবেন। পাশাপাশি এই ঘোষণার মাধ্যমে সীতাকুণ্ড উপজেলার ১ থেকে ৭ নম্বর ইউনিয়ন পর্যন্ত বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।