পিরোজপুরে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সদর উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নতুন আংশিক কমিটির আত্মপ্রকাশ করা হয়। শুক্রবার (৩ মার্চ) পিরোজপুর সদর উপজেলার শ্রীশ্রী মদনমোহন জিউড় আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে শ্যামাপ্রসাদ মুখার্জীকে সভাপতি, সজল চক্রবর্তীকে সাধারণ সম্পাদক এবং অপূর্ব ঘোষালকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়াও সহ-সভাপতি হিসেবে বিমল চক্রবর্তী ও সহ-সাধারণ সম্পাদক হিসেবে মুক্তি মুখার্জি নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ পিরোজপুর সদর উপজেলা শাখার সহ-সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জীর সভাপতিত্বে ও বিমল চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক মুখার্জি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির আহ্বায়ক সুনীল চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জ্যোতির্ময় চক্রবর্তী রতন ও সুশীল চক্রবর্তী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা কমিটির সদস্য সচিব প্রদীপ চক্রবর্তী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্মল চট্টোপাধ্যায়, বিমল চক্রবর্তী, অ্যাডভোকেট সঞ্জীব চক্রবর্তী, সজল চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধক অশোক মুখার্জি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ ব্রাহ্মণ সংসদকে একটি সুসংগঠিত ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ঐতিহ্য ও মূল্যবোধ ধরে রেখে সমাজের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
নবনির্বাচিত সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জী তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ একটি ঐতিহ্যবাহী সংগঠন। আমরা সকলকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করব। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমাজকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়াই আমাদের মূল লক্ষ্য।”
সাধারণ সম্পাদক সজল চক্রবর্তী বলেন, “সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমরা পরিকল্পিতভাবে কাজ করব। নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে ব্রাহ্মণ সমাজের উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।”
বক্তারা সংগঠনের ঐক্য, উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়।