ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কসবা ব্রাহ্মণ পাড়া সীমান্তে অভিযানে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

author
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৪
ad003
সীমান্তে চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনা ও পরিকল্পনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (০৪ এপ্রিল ২০২৬) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শশীদল বিওপি, বড়জ্বালা বিওপি এবং খাদলা বিওপির টহলদল পৃথক পৃথক অভিযান চালায়। অভিযানে একটি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে— জিরা, মেহেদি, বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী, শাড়ি, বাসমতি চাল, সাবান, ফুসকা ও বাজি এবং বিভিন্ন প্রকার ওষুধ।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৯০ লাখ ৬৬ হাজার ৭০ টাকা। উদ্ধারকৃত মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT