ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় টাস্কফোর্সের যৌথ অভিযানে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের মালিকবিহীন ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেয় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সহকারী পরিচালক শাহ খালেদ ইমামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। কসবা উপজেলার নয়নপুর বাজার এলাকার একটি গোডাউন ঘরে অভিযান চালানো হয়, যা সীমান্ত পিলার-২০৫৬ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
অভিযানে উপস্থিত ছিলেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির। এতে বিজিবির ৩২ জন সদস্য ও ৩ জন পুলিশ সদস্য অংশ নেন।
অভিযান চলাকালে নয়নপুর গ্রামের মোঃ আল-আমিন (৩৫)-এর ব্যবহৃত একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—
৬,৭৫০ কেজি (২২৫ বস্তা) বাসমতি চাল
৭০০ কেজি ফুসকা
২,১৬০ পিস কাবেরী মেহেদী
১৯২ ক্যান রেডবুল এনার্জি ড্রিংক
৯০ কেজি জিরা
এসব পণ্যের মোট আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা।
বিজিবি জানিয়েছে, পণ্যগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আল-আমিন দাবি করেছেন, পণ্যগুলো কাস্টমস নিলাম থেকে কেনা। তবে তিনি স্বীকার করেন, সংশ্লিষ্ট কাগজপত্রের মেয়াদ দুই দিন আগে শেষ হয়ে যাওয়ায় তা আর কার্যকর ছিল না।
লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।