ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

author
Editor

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ ভোর ১:২২
ad003
যাযাদি ডেস্ক

দেশের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপনে প্রস্তুত হচ্ছে সারাদেশ। প্রতিবছরের মতো এবারও রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে।

জামাত শুরু হবে সকাল সাড়ে ৭টায়।

এই জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি এবং সর্বস্তরের মানুষ এই প্রধান জামাতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। প্রতিকূল আবহাওয়ার কারণে যদি জাতীয় ঈদগাহে নামাজ আদায় করা সম্ভব না হয়, তবে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাতের ব্যবস্থা করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, জামাতগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।

প্রথম জামাতে ইমামতি করবেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমান মাদানী। পরবর্তী জামাতগুলোতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী, অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক মুশতাক আহমদ, মুফতি মো. আব্দুল্লাহ এবং দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন।

এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৭টা এবং সাড়ে ৮টায় দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগরীর শতাধিক ঈদগাহ এবং দেড় হাজারের বেশি মসজিদেও ঈদের জামাতের আয়োজন সম্পন্ন হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই পবিত্র উৎসব উদযাপনের জন্য প্রস্তুত।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT