পহেলা বৈশাখে নতুন গান প্রকাশ যেন বহুদিনের এক চেনা প্রথা । কিন্তু সেই প্রথার ভিড়ে খুব কম কাজই নিজের আলাদা স্বর খুঁজে পায়। Art Lab Live- এর আসন্ন গান ‘মাঝি’ সেই বিরল ব্যতিক্রমগুলোর একটি, যেখানে আধুনিক লোকসংগীতের আদলে সহজ ভাষা আর জীবনের জটিল অনুুভূতি একসাথে এসে দাঁড়িয়েছে ।
এই গানটি কেবল একটি মাঝির গল্প নয়; বরং এটি সেই সমস্ত মা মানুষের প্রতিচ্ছবি , যারা প্রতিদিন জীবনের অনিশ্চয়তার সঙ্গে লড়াই করে, তবু ভালোবাসা কে আঁকড়ে বেঁচে থাকে । নদী এখানে শুধু প্রকৃতি নয়, এক জীবনরূপক; ভালোবাসা এখানে বেঁচে থাকার শক্তি । মাহমুদা মৌ -এর কথায় আছে এক অদৃশ্য ক্লান্তি , যা উচ্চারণের আগেই অনুভূত হয়।
“ও মাঝি তোর মনটা খারাপ কি হয়েছে বল” এই প্রশ্নটি যেন বাইরের কারও উদ্দেশে নয়, নিজের ভেতরের মা মানুষের প্রতিই ছুঁড়ে দেওয়া । এটি শুধুই এক প্রশ্ন নয়; বরং এক আত্মসম্বোধন, এক অন্তর্লীন ক্লান্তির উচ্চারণ, যে বিষন্নতা কৃত্রিম নয়; বরং তা জন্ম নিয়েছে জীবনের ভাঙা চোরা বাস্তবতা থেকে । এই গানে প্রেম কোনো অলঙ্কার নয় এটি আশ্রয়।
“চোখের দেখা না দেখলে ও মনের মাঝে আমি ”এই পঙক্তিতে প্রেমের যে রূপ, তা শারীরিক উপস্থিতির বাইরে গিয়ে এক মানসিক সহাবস্থানের কথা বলে । আর “আমার ছোঁয়া পাবি যদি বৃষ্টি হয়ে নামি ”এখানে প্রকৃতি আর অনুভূতি একে অপরের ভাষা হয়ে ওঠে ।