কসবা উপজেলার ৮ নং কুটি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডাধীন লেশিয়ারা–আতকাপাড়া–শান্তিপুর–কাঠেরপুল সংযোগ সড়কটি বর্তমানে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার মানুষ যাতায়াত করে।
এ সড়ক ব্যবহার করে আশপাশের দুই থেকে তিনটি গ্রামের স্কুলগামী শিক্ষার্থী, সাধারণ মানুষ ছাড়াও অটোরিকশা, সিএনজি ও মিনি ট্রাকের মাধ্যমে নিয়মিত যাত্রী ও পণ্য পরিবহন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এবং ইট ও বালুবাহী ভারী ট্রাক্টর চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে রাস্তাটি বর্তমানে প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টিপাতের সময় সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। কাদামাটি ও গর্তের কারণে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে, যা স্থানীয়দের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এছাড়া সড়কের পাশেই রয়েছে একটি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ও কবরস্থান। ফলে ধর্মীয় ও সামাজিক কার্যক্রমেও এই সড়কের গুরুত্ব অপরিসীম। কিন্তু সড়কের বর্তমান করুণ অবস্থার কারণে এসব কার্যক্রমে অংশগ্রহণ করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।
স্থানীয়দের দাবি, সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে সড়কটি দ্রুত সংস্কার ও পাকা করা অত্যন্ত জরুরি।
এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনদুর্ভোগ লাঘব হবে বলে আশা করছেন তারা।