চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের শহীদ মিনার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় আনিসুর রহমান চৌধুরী (২৬) নামে এক তরুণ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে একটি বেপরোয়া গতির লরি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
নিহত আনিসুর রহমান মধ্যম ঘোড়ামরা এলাকার বাসিন্দা এবং রোজ গার্ডেন একাডেমি স্কুলের ১৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন । তার আকস্মিক মৃত্যুতে পরিবার ,বন্ধু ও এলাকায় গভীর শোক নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে , দ্রুতগতির লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটর সাইকেলে সজোরে আঘাত করে। এলাকাবাসীর অভিযোগ, মহাসড়কের এ অংশে দীর্ঘদিন ধরে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল চলমান থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
নিহতের পরিবার চালককে দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সীতাকুণ্ডের ব্যস্ততম সড়ক গুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের আহ্বান জানান তারা।
এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে পুলিশ স্টেশনের (ভারপ্রাপ্ত) অফিসার ইনর্চাজ (ওসি) জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।