বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের সাথে প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ এপ্রিল) বেলা ১২ টার দিকে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সিটি কর্পোরেশনের অডিটোরিয়াম এ সভা অনুষ্ঠিত হয়।
সিটি প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এর সভাপতিত্বে ৩০ টি ওয়ার্ডে কর্মরত সহস্রাধকি পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে সিটি কর্পোরেশন। ক্লিন সিটি, গ্রিন সিটি এই ভিষনকে সামনে রেখে সিটি প্রশাসক দায়িত্ব নেয়ার পরপরই পরিচ্ছন্নতাকর্মীদের সাথে এই সভায় মিলিত হলেন। তিনি প্রতিটা ওয়ার্ডে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীর সাথে পৃথকভাবে কথা বলেন।
এই শহরকে ক্লিন সিটিতে রুপান্তর করতে হবে নির্দেশনা দিয়ে প্রশাসক পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দ্যেশ্যে বলেন, আপনারা হলেন কর্পোরেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনারা বাসা-বাড়ি, দোকান পাট ও হাসপাতাল-ক্লিনিকের বর্জ্য পরিচ্ছন্ন করেন বিধায় শহরটা মানুষের বসবাস উপযোগী আছে। তবে শুধু বাসা-বাড়ি কিংবা প্রতিষ্ঠানের ময়লাই নয় পরিস্কার রাখতে হকে রাস্তা-ঘাট ও ড্রেনগুলো। যাতে পয়ঃনিস্কাশন ব্যবস্থা সচল থাকে। তবেই এই শহর হবে ক্লিন সিটি।
প্রশাসক তার বক্তব্যে আরও বলেন, সিটি কর্পোরেশনে যথেষ্ট সংখ্যক পরিচ্ছন্নকর্মী রয়েছে। এরপরও যদি নিয়মিত ময়লা অপসারণ না হয়, পয়ঃনিস্কাশন ব্যবস্থা সচল না থাকে তাহলে ভিন্ন পদক্ষেপ নেবে কর্পোরেশন। এসময় পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্য ও বেতনাদীর বিষয়ও খোজ খবর নেন সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক শিরীন। তিনি বলেন, যে ওয়ার্ড সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, রাস্তার সড়ক বাতি নিশ্চিত থাকবে, ড্রেন পরিষ্কার থাকবে, সেই ওয়ার্ডে যারা কাজ করবে তাদেরকে পুরস্কৃত করা হবে।
মতবিনিময় সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী, প্রশাসকের একান্ত সহকারী মুসফিকুল হাসান মাসুম, পরিচ্ছন্ন কর্মকর্তা মোঃ ইউসুব আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মঞ্জুুরুল ইমাম শুভ্র, প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস উপস্থিত ছিলেন।