লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদনের ঘাটতির অভিযোগে একটি বেসরকারি চক্ষু হাসপাতাল সিলগালা করেছে প্রশাসন।
আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মামুনুর রশীদ পলাশ।
অভিযান চলাকালে দেখা যায়, ‘রায়পুর চক্ষু হাসপাতাল’ যথাযথ কাগজপত্র ও স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা করছিল। এ প্রেক্ষিতে জনস্বাস্থ্য ও রোগীদের নিরাপত্তা বিবেচনায় প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়।
এসময় ‘রায়পুর ভিশন সেন্টারে' তদারকি চালানো হয়। প্রতিষ্ঠানটির কাগজপত্র যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষকে দুই কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স, নিবন্ধন ও অন্যান্য অনুমোদন সংক্রান্ত নথিপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অমান্য করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও সতর্কতা দেওয়া হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম বলেন, “অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বৈধ অনুমোদন না থাকা এবং সেবা প্রদানে নীতিমালা অনুসরণ না করার বিষয়টি স্পষ্ট হয়েছে। রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা বজায় রাখতে বাধ্য হয়ে হাসপাতালটি সিলগালা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “উপজেলায় পরিচালিত সকল বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের লাইসেন্স, অবকাঠামো ও সেবার মান নিয়মিত তদারকি করা হবে। কোনো প্রতিষ্ঠান অনিয়মের মাধ্যমে সেবা প্রদান করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের এ ধরনের অভিযানে স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়বে এবং স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।