কুমিল্লার দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। ১৪ (১৪ এপ্রিল) মঙ্গলবার সকাল থেকে উপজেলা প্রশাসন ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালন করা হয়।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তিনি দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
দিনব্যাপী আয়োজনে গ্রামীণ খেলাধুলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লোকজ মেলা, বৈশাখী গান ও নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।