ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায়ের তারিখ পিছিয়ে ২৯ এপ্রিল নির্ধারণ

author
স্টাফ রিপোর্টার, নোয়াখালী

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬ সকাল ১১:০৭
ad003
নোয়াখালীর আলোচিত স্কুল ছাত্রী অদিতা হত্যা মামলার রায়ের তারিখ পিছিয়ে ২৯ এপ্রিল নির্ধারণ করেছন বিচারক।

বুধবার বেলা ১১ টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এই তারিখ নির্ধারণ করেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী এমদাদ হোসেন কৈশোর।

তিনি বলেন, বুধবার এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত থাকলেও এজলাসে বসেই রায়ের তারিখ পুননির্ধারণ করেছেন বিচারক।

তিনি আরো বলেন, রায় ঘোষণাকে কেন্দ্র করে এ মামলার একমাত্র অভিযুক্ত অদিতার সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে জেলা কারাগার থেকে কড়া পুলিশ পাহারায় আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে উপস্থিত হন মামলার বাদী অদিতার মা রাজিয়া সুলতানা সহ উৎসুক লোকজন।

পরে রায় পেছানোর ঘোষণায় রনিকে আবার জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

তাসনিয়া হোসেন অদিতা (১৪) নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। ২০২২ সালের ২২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকায় নিজ বাসা থেকে তার গলা ও হাত, পায়ের রগ কাটা অবস্থায় রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

হত্যায় জড়িত থাকার অভিযোগে ঘটনার দিন রাতে অদিতার সাবেক গৃহশিক্ষক স্থানীয় আব্দুর রহিম রনিকে(৩০) গ্রেপ্তার করে পুলিশ। পরে নিজের অপরাধ স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন রনি।

এছাড়া গ্রেপ্তারের সময় রনির মাথা, ঘাড়, গলাসহ শরীরের একাধিক স্থানে অদিতার নখের আঁচড় দেখা যায়। এমনকি ঘটনার সময় রনির পরিহিত জামায় রক্তের দাগ পায় পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোরা, বালিশ সহ অন্যান্য আলামত জব্দ করে পুলিশ। 

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো: সেলিম শাহী জানান, চাঞ্চল্যকর এ মামলায় বাদী পক্ষের ৪১ জন স্বাক্ষীর স্বাক্ষ  গ্রহণ করা হয়। এছাড়া আসামি পক্ষের ৫ জন সাফাই স্বাক্ষীর স্বাক্ষ গ্রহণ করেন বিচারক।

এ নির্মম হত্যার বিচার দাবিতে ঘটনার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীসহ নানা শ্রেণি পেশার মানুষ বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT