ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
১০০ রোগী পেলো বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ

মানিকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন ও চক্ষু শিবির অনুষ্ঠিত

author
গুইমারা (খাগড়াছড়ি ) প্রতিনিধি

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬ সকাল ১১:৩৮
ad003
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ী অঞ্চলে অসহায় ও দুস্থ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সকালে বিনামূল্যে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেন,বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন। 

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার যোগ্যছোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চলে এই মানবিক সেবা কার্যক্রম। 

সিন্দুকছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই ক্যাম্পে চট্টগ্রাম লায়ন্স হসপিটালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ও বিশেষ মেডিকেল টিম এবং সিন্দুকছড়ি জোন সদর দপ্তরের মেডিকেল অফিসারের নেতৃত্বে একদল চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

দিনব্যাপী এই চিকিৎসা শিবিরে পাহাড়ের দুর্গম এলাকা থেকে আসা প্রায় ১৫শ পাহাড়ি ও বাঙালি রোগী অংশ নেন। চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি সকল রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চক্ষু রোগীদের মাঝে চশমা বিতরণ করা হয়। বিশেষ এই উদ্যোগের উল্লেখযোগ্য দিক ছিল—লায়ন্স চক্ষু হাসপাতালের সৌজন্যে এবং সিন্দুকছড়ি জোনের ব্যবস্থাপনায় ১০০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন করার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

সুবিধাভোগী স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পথ আর অর্থাভাবের কারণে যারা এতদিন উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন, এই মেডিকেল ক্যাম্প তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। ঘরের কাছে বিশেষজ্ঞ ডাক্তার আর বিনামূল্যে ওষুধ পেয়ে তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিন্দুকছড়ি জোনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, পাহাড়ের দুর্গম অঞ্চলের অসহায়, দরিদ্র ও প্রবীণ রোগীদের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT