জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য নাঈমা খন্দকার।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংরক্ষিত আসনে মনোনয়নের লক্ষ্যে আগামী শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টায় তার সাক্ষাৎকার (ইন্টারভিউ) অনুষ্ঠিত হবে।
নাঈমা খন্দকার তাঁর পোস্টে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই পথচলায় যারা আমাকে যোগ্য মনে করেছেন, সমর্থন ও অনুপ্রেরণা দিয়েছেন-আমি আপনাদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এটি একটি প্রতিযোগিতা, তবে এতে অংশগ্রহণ করতে পারাটাই আমার জন্য অনেক বড় সম্মান।”
রাজনৈতিক পরিবারের উত্তরসূরি হিসেবে নিজের দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শকে হৃদয়ে ধারণ করেন। নিজের লক্ষ্য সম্পর্কে তিনি আরও বলেন, “আমি জানি না কতটুকু করতে পারব, তবে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, অবহেলিত শিশুদের পাশে থাকা এবং যেসব নারীর কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়েছে, তাদের কণ্ঠস্বর হয়ে ওঠা।”
দলের অভ্যন্তরীণ বা বাইরের সমালোচকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাঈমা খন্দকার বলেন, “আমি বিশ্বাস করি কাজের মাধ্যমেই সবার আস্থা অর্জন সম্ভব। যোগ্য ও ত্যাগী নেত্রীদেরই (নেতৃত্বকেই) চূড়ান্তভাবে নির্বাচিত করা উচিত এবং সেই সিদ্ধান্ত নেবেন আমাদের দলের নীতিনির্ধারকরা। আমি দলীয় সিদ্ধান্তের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল।”
উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের জ্যেষ্ঠ পুত্রবধূ নাঈমা খন্দকারকে ঘিরে দাউদকান্দি, মেঘনা ও কুমিল্লার রাজনৈতিক মহলে ব্যাপক ইতিবাচক আলোচনা চলছে। স্থানীয় নেতাকর্মীদের মতে, তিনি সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত হলে ওই অঞ্চলের নারী জাগরণ ও শিশু কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
সবশেষে, নাঈমা খন্দকার সবার কাছে দোয়া চেয়েছেন যেন তিনি জনগণের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করতে পারেন।