ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাকসামে অবৈধ বেড়িবাঁধ ভেঙে জলাবদ্ধতা নিরসন করলেন এমপি মো. আবুল কালাম

author
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪০
ad003
অবৈধভাবে নির্মিত বেড়িবাঁধ অপসারণ করে জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। 
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের নাড়িদিয়া গ্রামের বিরুলিয়া খাল পরিদর্শনে যান তিনি। ওই সময় স্থানীয় লোকজন পরিদর্শনে আসা সংসদ সদস‍্যকে অভিযোগ করে বলেন, কিছু ব্যক্তি খালে কৃত্রিমভাবে বেড়িবাঁধ নির্মাণ করে পানি চলাচল বন্ধ করে দেয়, ফলে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আশপাশের কৃষিজমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এতে প্রায় ৫'শ পরিবার সরাসরি ক্ষতির মুখে পড়ে চরম ভোগান্তিতে ছিল এবং প্রায় ১২০ হেক্টর কৃষিজমি পানির নিচে ডুবে যাওয়ার ঝুঁকিতে ছিল।

এ সময় এমপি আবুল কালাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে সমস্যার বাস্তব চিত্র সম্পর্কে অবগত হন এবং তিনি তাৎক্ষণিকভাবে একটি এক্সেভেটর (খননযন্ত্র) দিয়ে অবৈধ বেড়িবাঁধ ভেঙে পানি প্রবাহ স্বাভাবিক করেন।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে করে দীর্ঘদিনের ভোগান্তি থেকে তারা মুক্তি পাবেন এবং কৃষিকাজে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

এ বিষয়ে জানতে চাইলে এমপি মো. আবুল কালাম যায়যায়দিনকে বলেন, “জনগণের দুর্ভোগ সৃষ্টি করে, এমন কোনো অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না। পানি চলাচল স্বাভাবিক রাখতে খাল ও জলাশয় দখলমুক্ত রাখতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে এবং দ্রুত পানি নিষ্কাশনের আশা করছেন ভুক্তভোগীরা। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT